ধর্মীয় খেদমতে নিয়োজিত ইমাম ও মোয়াজ্জিনদের সম্মান ও সহযোগিতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌড়াইল বউবাজার কমিটির উদ্যোগে ১৮টি মসজিদের ৩৬ জন ইমাম ও মোয়াজ্জিনকে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
রবিবার আয়োজিত অনুষ্ঠানে ইমাম ও মোয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় ইমাম ও মোয়াজ্জিনদের উদ্দেশে এমপি শ্যামল বলেন, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা বিকাশে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু মসজিদে নামাজ পরিচালনা করেন না, বরং মানুষের মাঝে নৈতিকতা, মানবিকতা ও শান্তির বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হলে সমাজে নৈতিক অবক্ষয়, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
এমপি শ্যামল আরও বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা দীর্ঘদিন ধরে মানুষের ধর্মীয় সেবা দিয়ে আসছেন। তাদের প্রতি সম্মান দেখানো এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বউবাজার কমিটির সদস্যরা বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা মসজিদ পরিচালনার পাশাপাশি মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সম্মান ও সহযোগিতার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়া সম্ভব। সেই লক্ষ্যেই ১৮টি মসজিদের ৩৬ জন ইমাম ও মোয়াজ্জিনকে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, ধর্মীয় খেদমতে নিয়োজিত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম সমাজে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানবিকতার চর্চা বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বউবাজার কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদ কমিটির সদস্য, ইমাম-মোয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







