সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে এসআই হিসেবে কর্মরত ছিলেন। আহত তার ছেলে আরিফুল ইসলাম (২৬)।
পার্কিং নিয়ে কথা-কাটাকাটি
পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যার কারণ এখনো নিশ্চিত নয়
এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন, তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজারে তার একটি জায়গা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:







