সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮

শেয়ার

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে দুইজন আটক হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১০ টার দিকে বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টার বাড়ির সামনের সড়কে মিশুক গাড়িতে গরু তোলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল ও একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।

স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং গরুটি কার- এ বিষয়ে জানতে চাইলে তিনজনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, তাদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। এ কারণে স্থানীয়রা কোনো গাড়ি বা সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে কয়েকজনকে ফোন করে তিনি আড়ালে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন লোক তাদের বাড়ি থেকে একটি গরু নিয়ে বের হয়ে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করার চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা সম্ভব হলেও একজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিয়ে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে থানায় আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।