নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান সদর নৌ থানার এসআই হিসেবে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।
ভিডিওতে অস্বাভাবিক আচরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নানকে নেশাগ্রস্তের মতো আচরণ করতে। কখনও তিনি মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। পরে তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
ভিডিওতে উপস্থিত লোকজন তার আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান দাবি করেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও জানান।
পুলিশের দাবি, মানসিক সমস্যায় ভুগছেন
তবে আব্দুল মান্নানের মদ পান করার দাবির বিষয়ে সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।
ওসি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এরপর আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়। এ ঘটনায় বর্তমানে তদন্ত চলছে।
আরও পড়ুন:







