শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকীতে সমাধিতে বিজিবির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৩

শেয়ার

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকীতে সমাধিতে বিজিবির শ্রদ্ধা
ছবি: বাংলা এডিশন

যশোরের শার্শা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশীপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) কাছে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ কর্মসূচির আয়োজন করে। বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিজিবির একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বীরশ্রেষ্ঠের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর, শার্শা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিজিবির সদস্য, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ অসীম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এই বীর যোদ্ধার অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

হারুন অথবা রশিদ বাপ্পি, যশোর