রাজবাড়ীর পাংশায় রেললাইনের ওপর থাকা ছোট ছেলেকে সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মনিরা খাতুন (২৫) নামে এক নারী। মর্মান্তিক এই ঘটনায় তাঁর তিন বছরের ছেলে ইভানও গুরুতর আহত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় মনিরা খাতুনের তিন বছর বয়সী ছেলে ইভান রেললাইনের ওপর ছাতা নিয়ে বসে ছিল। হঠাৎ ট্রেন আসার বিষয়টি বুঝতে পেরে ছেলেকে সরিয়ে নিতে দ্রুত রেললাইনের দিকে ছুটে যান মনিরা। কিন্তু এর মধ্যেই ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে যায়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনায় ইভানও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
একই ঘটনায় মায়ের মৃত্যু ও শিশুর আহত হওয়ার খবরে পরিবার এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:







