রাজবাড়ীর কালুখালীতে মাদকবিরোধী পৃথক মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবন ও ব্যবসার অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দেওয়ান সাগর মাহমুদ নামে এক যুবককে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অন্যদিকে, শুক্রবার একই এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারুদেব সরদার-কে গাঁজা ব্যবসার অভিযোগে আটক করা হয়।
পরে তাকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন কালুখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
অভিযান প্রসঙ্গে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন:







