শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রাহিম আলি জাবেদ, ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৭

শেয়ার

ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

শনিবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দকৃত পণ্যের মধ্যে সংশ্লিষ্ট চোরাচালান সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।