শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২১

শেয়ার

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: বাংলা এডিশন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুর রাশেদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এবং পৌর বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, ডাক্তার রাশেদুন্নবী, ছাত্রদল নেতা হৃদয়।

আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীরা একটি এলাকার ভবিষ্যৎ সম্পদ। তাদের সাফল্যের স্বীকৃতি দিলে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।