শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৫

শেয়ার

সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন এবং চারজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ

দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর পাশাপাশি মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।