শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৭

শেয়ার

ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন নতুন করে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ফরেনসিক টিমের আলামত সংগ্রহ

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।