শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

কসবায় মাদকবিরোধী অভিযানে ২২০০ ইয়াবাসহ ভাই-বোন গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

শেয়ার

কসবায় মাদকবিরোধী অভিযানে ২২০০ ইয়াবাসহ ভাই-বোন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভাই-বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সেলিনা আক্তার ও তার ভাই মিন্টু মিয়া। তারা কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবা আবু তাহের এবং মা মরিয়ম বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দাবাদ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পাশে 'মানিক স্টোরের' সামনে থেকে সেলিনা আক্তার ও মিন্টু মিয়াকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে মামলাটি করেন।

মাদকবিরোধী অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তাররোধ এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।