ঝিনাইদহের শৈলকুপায় প্রথমবারের মতো বৈদেশিক সহায়তায় নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশে বন্যা ও ভূমিধস খাদ্য সহায়তা প্রকল্প’-এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নিম্ন আয়ের মানুষের জন্য এ ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ত্রাণ প্যাকেজে ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি জামাকাপড়ও ছিল। বৈদেশিক সহায়তায় পাওয়া এসব প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে নিম্ন আয়ের মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ সময় আইনমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় শৈলকুপার মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে প্রয়োজনের সময় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত হাইকমিশনার রাশেদ আল মাইল আজ্জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি এইডের চেয়ারম্যান এনামুল হক খন্দকার, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাগিব রউফ চৌধুরী, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:







