শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

রাঙামাটিতে পুলিশের অভিযানে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১০

শেয়ার

রাঙামাটিতে পুলিশের অভিযানে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি সংগঠনের অপরাধে একজন, ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি একজন, মাদক কারবারের অভিযোগে পাঁচজন এবং মাদক সেবনের অপরাধে তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভাসহ কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানে ডাকাতি সংগঠনের অপরাধে আহাম্মেদ সফি-কে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙামাটির কোতয়ালী থানাধীন ৬ নম্বর বালুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদার পাহাড় এলাকার বাসিন্দা। এ ছাড়া ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মুহাম্মদ ইউসুফ আলী-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় বসবাস করছিলেন।

মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাহাবু্উদ্দিন, মিছকাত, দেলোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবু ও মোঃ খোকন খান-কে। অন্যদিকে মাদক সেবনের অপরাধে রবিউল, ইদ্রিস আলী ও সাফিন মাহামুদ রাফি-কে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং বিভিন্ন অপরাধে জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।