ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ বহনের সময় মো. মাসুম মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ঢাকা মেট্রো গ-২৩-১৬১৪ নম্বরের প্রাইভেটকার থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা মো. মাসুম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. মাসুম মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ছোটাবন্দ এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফয়েজ উদ্দিন মিয়া।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বাংলা এডিশনকে জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







