হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযানে ভারতীয় মদ, মনিপুরি থামি কাপড়, ব্যাটারিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে বিজিবি। এ সময় প্রায় ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল ও মাদক জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় বাল্লা বিওপির টহল দল। এ সময় একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চারজন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।
পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে নাজু মিয়া ও সজল মিয়া নামে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রামদা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
তবে এ সময় রুবেল মিয়া ও সজিব মিয়া নামে আরও দুজন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে মাধবপুর উপজেলার লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে তেলিয়াপাড়া বিওপির টহল দল।
এ ঘটনায় আটক দুইজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
আরও পড়ুন:







