শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি আহত তিনজন, নিহত এক

আবুল কালাম বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি আহত তিনজন, নিহত এক
ছবি সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এতে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও গাড়িচালক আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ৭৫ বছর বয়সী ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময়, প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা লাগে ফিরোজা বেগমের। ওই নারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও চালক আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

আহতদের চিকিৎসা

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আব্দুল বারীকে প্রথমে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নেয়া হয় জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাঁর স্ত্রী ও গাড়িচালককেও ঢাকায় আনা হয়েছে।

গুরুতর আহত ফিরোজা বেগমকেও উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিচয়

জানা গেছে, নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।