শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে পড়ে আহত ১৫

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে পড়ে আহত ১৫
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আইকনিক পরিবহন’ নামের একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) খলীলপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের ধারণামতে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দ্রুতগতি এবং চালকের অসাবধানতা বা ঘুমের ঢুলুনির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

​খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাসের ভেতর আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জানান, ‘‘সংবাদ পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অলৌকিকভাবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’’

ঘটনার পর পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করতে কলাপাড়া থানা পুলিশ কাজ শুরু করেছে।

এবিষয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। হেলপার ও চালক পালিয়ে গিয়েছে। পরবর্তীতে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।