শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার এক

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৭

শেয়ার

মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বিপ্লব হোসেন ওরফে দিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের উত্তর গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে বিপ্লব হোসেন ওরফে দিপুকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের কনটেইনার থেকে আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব হোসেন ওরফে দিপু মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে মহেশপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।