শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

মহেশপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাধন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১০ নম্বর নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের শাকিল মোড় থেকে দাসপাড়াগামী ইটের সলিং সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় নস্তি (দাসপাড়া) গ্রামের মৃত কালিদাসের ছেলে সাধন দাসকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ধুতির কোচর থেকে পলিথিনে মোড়ানো হালকা গোলাপি রঙের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার সাধন দাসের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর মহেশপুর থানায় মামলা নম্বর-০৬ রুজু করা হয়েছে।

ওসি আরও জানান, মাদক নির্মূলে মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।