ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলজাতীয় সিরাপ, গাঁজা, মদ ও নিষিদ্ধ ওষুধ আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ২ ও ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসব অভিযান পরিচালনা করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর দিন ও রাতে এবং ৩ সেপ্টেম্বর সকালে ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এসব অভিযান পরিচালনা করে।
২ সেপ্টেম্বর আনুমানিক রাত ৭টা ৪০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠের কাঁচা রাস্তা থেকে ৩৩ বোতল ভারতীয় Escuf Cough Syrup আটক করা হয়। নায়েক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
একই দিন রাত সাড়ে ৭টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/৬-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে উজ্জ্বল মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় Escuf Cough Syrup ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।
এরপর রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে মানিকপুর গ্রামের সুমনের পেয়ারা বাগানের পাশ থেকে ৮৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়। নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে হরিহরনগর গ্রামের বিল্লাল মন্ডলের আমবাগানে অভিযান চালিয়ে আরও ৮০ বোতল ভারতীয় Escuf Cough Syrup জব্দ করা হয়। হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া ২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ২ হাজার ৮২০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। হাবিলদার মো. ইছাকবর আলীর নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযানটি পরিচালিত হয়।
৫৮ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:







