বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

পটুয়াখালীতে টানা তিন দিন ভারীবৃষ্টি, জনজীবনে ভোগান্তি

ইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৫

শেয়ার

পটুয়াখালীতে টানা তিন দিন ভারীবৃষ্টি, জনজীবনে ভোগান্তি
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীতে গত দুইদিন সহ আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহর থেকে গ্রামাঞ্চলে স্থবিরতা নেমে এসেছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গলাচিপার অটোরিকশা চালক শাহাবুদ্দিন মিয়া বলেন, ‍“আমাদের এলাকায় গত এক সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে, গত দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার খুব ভোরেই রিকশা নিয়ে শহরে বের হয়েছিলাম। বাজারে মানুষের আনাগোনা খুবই কম। তাই আমাদের আয় ইনকাম অনেকটা কমে গেছে।”

আমখোলা ইউনিয়নের কৃষক ফোরকান মিয়া বলেন, “বৃষ্টির কারণে আমাদের এলাকার সব আমন ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। এখন বীজ রোপণের সময়। বৃষ্টি এবং পানি না কমলে বীজ বপন করতে অনেক কষ্ট হবে। এছাড়া সবজিত খেতেও পচন ধরতে পারে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে এবং তা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।