বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৫০০ ইয়াবা, গ্রেপ্তার ২ যুবক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩২

শেয়ার

বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৫০০ ইয়াবা, গ্রেপ্তার ২ যুবক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রীজের সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরং এলাকার মোহাম্মদ রবিউল হোসেন রায়হান এবং বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা এলাকার রবিউল হোসেন ওরফে রবি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছড়ারব্রীজ এলাকায় একটি ধূসর রঙের ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।