ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ভারতীয় আমদানিনিষিদ্ধ বিভিন্ন ধরনের ওষুধ ও ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের নেপা গ্রামের একটি ভাড়াটিয়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মো. টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল নেপা গ্রামের আব্দুল মান্নানের ভবনের দোতলার একটি ভাড়াটিয়া কক্ষে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. জাকারিয়া জাকু ও তার স্ত্রী মোছা. পারভিন খাতুনকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই কক্ষের একটি চৌকির নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের ৬ হাজার ৭০০ পিস ভারতীয় আমদানিনিষিদ্ধ ওষুধ ও ক্যাপসুল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ওষুধের মধ্যে রয়েছে ট্যাডালাফিল, সিলডেনাফিল, কার্টিফ্লেক্স ম্যাক্স, নরফ্লক্সাসিন-টিনিডাজল, লেভোসেটিরিজিন, মন্টেলুকাস্ট-লেভোসেটিরিজিনসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার মো. জাকারিয়া জাকু মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। পারভিন খাতুন তার স্ত্রী।
এ ঘটনায় মহেশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







