কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. জামিলুল হক পিপিএমের তত্ত্বাবধানে এবং কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুছ ও কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন মিয়ার নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশের একটি দল ৩ আগস্ট রাত ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের হযরতপুর গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমীন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আল আমীনের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার জায়গীর ধল্লা এলাকায়। বর্তমানে তিনি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আল আমীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:







