কক্সবাজারের নাজিরারটেক উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।
স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন।
তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন:







