বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

রাজু আহমেদ, জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯

শেয়ার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার কুমারখালীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডল (৬৬) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২ বুধবার) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামীর এই রায় দেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. আব্দুল মজিদ।

দণ্ডপ্রাপ্ত হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিনের মিরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আলা উদ্দিন মন্ডলের ছেলে তাহাজুদ্দিন মন্ডল (৬৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে বৃদ্ধ তাহাজুদ্দিন তাকে মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানের ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান, এ সময় বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে ফেলে পালিয়ে যান। আহত অবস্থায় প্রতিবেশীদের সাহায্যে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগ এনে তাহাজুদ্দিন মন্ডলকে একমাত্র এজাহার নামীয় আসামি করে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার উপসহকারী পুলিশ পরিদর্শক আজাদ আলী ২০২০ সালের ৩০ নভেম্বর ২০০০ (সংশোধনী-৩) সালের ৯(১) ধারার অভিযোগ এনে বৃদ্ধ তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. আব্দুল মজিদ বলেন, কুমারখালী থানার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আসামি তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশে দেন আদালত।