ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকায় খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হলেও তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। এ সময় অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে কোতোয়ালী মডেল থানার এসআই জালাল উদ্দিন জানান, দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। তার পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর দ্রুত বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় জড়িত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







