চলন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে নাটোরের লালপুরের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনের অবস্থান শনাক্ত করে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুল করে টিকিট ছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন ৪৪ বছর বয়সী ওই নারী। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।
অভিযোগ অনুযায়ী, পরে ট্রেনের এক ক্যান্টিনকর্মীসহ তিনজন তাঁকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিনকর্মীদের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।
এরপর ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ কলটি গ্রহণ করেন। পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য সংশ্লিষ্ট থানা ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
পরে ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়। ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশের একটি দল ওই নারীকে উদ্ধার করে।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ক্যান্টিনকর্মী আবু বক্কর সিদ্দিক (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযোগে জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







