বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জ. ই. আকাশ, ‎মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৩

শেয়ার

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
ছবি: বাংলা এডিশন

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো এবং যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সচেতন মহল।

‎বুধবার দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

‎‎স্মারকলিপিতে বলা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। কিন্তু এ মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এতে যাত্রী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে।

‎স্মারকলিপিদাতারা সেলফী পরিবহনের গত কয়েক বছরের দুর্ঘটনার রেকর্ড, সংশ্লিষ্ট মামলা, গাড়ির ফিটনেস, রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং প্রশিক্ষণের বিষয়গুলো তদন্ত করে দেখার দাবি জানান।

‎সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন বলেন, তদন্তে কোনো ধরনের অনিয়ম, বেপরোয়া গাড়ি চালানো কিংবা ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎স্মারকলিপিতে আরও বলা হয়, সেলফী পরিবহনের চালকরা নিয়মিতভাবে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা মেনে চলছেন কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও প্রশাসনের নিয়মিত নজরদারি এবং অভিযান জোরদারের দাবি জানানো হয়।

‎কোনো পরিবহন কর্তৃপক্ষ বা চালকের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল রাখার দাবি জানান স্মারকলিপিদাতারা।

‎পাশাপাশি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সব গণপরিবহনের ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও গতিসীমা নিয়মিতভাবে যাচাই করার আহ্বান জানানো হয়।

‎‎এ ছাড়া সেলফী পরিবহনের প্রকৃত কতটি গাড়ির রুট পারমিট রয়েছে এবং অনুমোদনের বাইরে কতটি গাড়ি বাস্তবে মহাসড়কে চলাচল করছে, তা তদন্ত করে নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

‎স্মারকলিপিদাতারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। প্রতিটি দুর্ঘটনার সঙ্গে মানুষের জীবন, একটি পরিবারের স্বপ্ন এবং রাষ্ট্রের সম্পদ জড়িয়ে থাকে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সব পরিবহনের বিরুদ্ধে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি।

‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাগরিক সচেতন সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, সদস্য পীযূষ ফাইটার, মো. চঞ্চল, রুবেল হোসেন, সাকিব আল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।