শেরপুরের নালিতাবাড়ীতে এক কাঁচামাল ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে জামালপুর যাওয়ার পথে কাটাখালি ব্রিজের পর শহীদ নাজমুল স্মৃতি সৌধ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ধলা, পিতা—মোঃ জয়নাল আবেদিন। তিনি নালিতাবাড়ী উপজেলার পশ্চিম দোহালিয়া এলাকার বাসিন্দা এবং তিনানী বাজারে কাঁচামালের ব্যবসা করেন।
ভুক্তভোগীর অভিযোগ, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে মালামাল কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে জামালপুরের দিকে যাচ্ছিলেন তিনি। কাটাখালি ব্রিজ পার হয়ে শহীদ নাজমুল স্মৃতি সৌধের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে।
এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তার শার্টের পকেট কেটে নগদ ৩৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেননি। মুখোশ পরা থাকায় অভিযুক্তদের কাউকেই তিনি শনাক্ত করতে পারেননি।
ঘটনার পর থেকে ভুক্তভোগী আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে কথা বলতে তিনি বর্তমানে সরাসরি সাক্ষাৎকার দিতেও অনিচ্ছুক। তার মধ্যে এখনও ঘটনার ভয় ও শঙ্কা কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য সংগ্রহের সময় পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:







