গাজীপুরে টঙ্গীতে মাদক নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ৪৪ নং ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল গাজীপুরের শ্রীপুর থানার টেপির বাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, গোপালপুর, মরকুন ও পাগাড় এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় রাতে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি এবং অজ্ঞাত আরও ১০-১২ জন তাকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
তারা জানান, রাত সাড়ে ১১টার দিকে হামলাকারীরা তাকে সিএনজি করে বাসার সামনে পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন।অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন , মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিএনজি চালক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন:







