বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮

শেয়ার

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

সিলেটে হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশুর মধ্যে সিলেট সদর উপজেলার আল আমিনের চার মাস ২০ দিন বয়সি শিশু সন্তান আয়ান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হবিগঞ্জ সদর উপজেলার কাউছার মিয়ার এক বছর দুই মাস বয়সি শিশুপুত্র ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে সিলেট স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ রোগী ভর্তি রয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় বিভাগের ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে এ পর্যন্ত প্রাণ হারানো ১৫৪ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকিরা সবাই হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছেন।