যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানের মৃত্যুর পর তাদের বাবা কামাল হোসেন (৪৫) মারা গেছেন। পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর কামাল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের কারণে কামাল হোসেনের স্ত্রী প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে বাড়িতে রেখে বাবার বাড়ি চলে যান। এরপর মঙ্গলবার দুপুরে বাড়িতে কামাল ও তাঁর দুই সন্তানের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, দুই শিশুর মৃত্যু শ্বাসরোধের কারণে হয়ে থাকতে পারে। পরে কামাল বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে ও ঠিক কোন পরিস্থিতিতে শিশু দুটির মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে শার্শা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং তদন্ত শেষে শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ ও কামাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি ঘিরে চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







