আগস্ট মাসে দেশে বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন ২৫২ জন নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু। এ ছাড়া ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪ জনকে।
অন্যদিকে, আগস্টে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন নারী ও কন্যাশিশু। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৯ জন এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ৫৫ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী। একই সময়ে রহস্যজনক মৃত্যু হয়েছে ২৬ জনের এবং অপহরণের শিকার হয়েছে ২ কন্যাশিশু।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন এবং যৌতুকজনিত সহিংসতায় নিহত হয়েছেন আরও ৩ জন। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন নারী ও কন্যাশিশু।
আগস্টে গৃহকর্মী নির্যাতনের ঘটনাও ঘটেছে। নির্যাতনের শিকার ৫ জন গৃহকর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
এ মাসে ১৩ জন নারী ও শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সময়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একজন নারী ভুক্তভোগী হয়েছেন এবং একজন কন্যাশিশু আত্মহত্যার চেষ্টা করেছে। এ ছাড়া বাল্যবিবাহের ৫টি চেষ্টা প্রতিরোধ করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, এসব তথ্য কেবল গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। ফলে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার প্রকৃত চিত্র আরও ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:







