ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ভালোবাসার উপহার হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য শুধু নির্দিষ্ট সংখ্যক গাছ লাগানো নয়; বরং মানুষের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা তৈরি করা এবং সামাজিকভাবে বৃক্ষরোপণকে একটি চলমান আন্দোলনে পরিণত করা।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:







