কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৬ জন ভর্তি হয়েছেন। মঙ্গলবার কুমিল্লা জেলার ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ৩৫ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দাউদকান্দি উপজেলায় ১৬ জন। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, দেবিদ্বারে ৩ জন, আদর্শ সদরে ২ জন, বুড়িচংয়ে ২ জন এবং মেঘনায় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, চলতি মাসে কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯২ জনে। গত মাসে আক্রান্ত হয়েছিল ৫৮৫ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এ সময়ে মোট ১ হাজার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ৯৪৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে কুমিল্লায় কোনো মৃত্যুর তথ্য নেই।
দেশজুড়েও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৬৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত ও চারজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:







