মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

পিকআপ উল্টে বিমানবাহিনীর তিন সদস্য নিহত, আহত চার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১২

শেয়ার

পিকআপ উল্টে বিমানবাহিনীর তিন সদস্য নিহত, আহত চার
ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাহজালাল বিমানবন্দরের পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়েছে। হতাহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল।

আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদের অবস্থা গুরুতর। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে।