সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত দুই

আরিফুল ইসলাম, নেত্রকোণা

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২২:৩৯

আপডেট: ৩১ আগস্ট, ২০২৬ ২২:৩৯

শেয়ার

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত দুই
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার মারা যান। আহত হন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।