চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইলে চার্জ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রহমান (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার মুহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া বইশ্যাবাপের বাড়ির মুহাম্মদ মিয়ার ছেলে। বর্তমানে তারা বৈলছড়ির ইউনিয়নের চেচুরিয়া এলাকায় বসবাস করছিলেন। আব্দুর রহমান পেশায় অটোরিকশাচালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হিসেবে অটোরিকশা চালিয়ে সংসারের ভরণপোষণে সহযোগিতা করতেন তিনি।
নিহতের মামাতো সম্পর্কীয় আত্মীয় মুহাম্মদ খোরশেদ বলেন, 'ঘটনার সময় আব্দুর রহমান তাদের নতুন নির্মাণাধীন পাকা বাড়িতে কাজ করছিল। কাজ শেষে মোটরের পানিতে গোসল করে ঘরে ঢোকে। এরপর নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গেলে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, 'বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ বা লিখিতভাবে অবহিত করেনি।'
এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিহত আব্দুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া বেলায়েত আলী জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।
আরও পড়ুন:







