গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির স্পট হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে বস্তির অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে রাজউকের জমি দখলমুক্ত করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় কলকারখানা অধিদপ্তরের সংলগ্ন হাজির মাজার বস্তিতে এ অভিযান শুরু হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পে-লোডার ও এক্সকাভেটরসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়। এ সময় বিপুলসংখ্যক শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।
অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে থেকে রাজউকের কর্মকর্তাদের নিরাপত্তা দেন।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, রাজউকের নিজস্ব মালিকানাধীন ওই প্লটটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি রাজউকের দখলে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অন্যতম প্রধান স্পট হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করলেও পুরোপুরি মাদক কারবার বন্ধ করা সম্ভব হয়নি।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন বলেন, মাদকের অভিশাপ থেকে টঙ্গীকে মুক্ত করা এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক ও অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
রাজউক জানিয়েছে, উচ্ছেদ করা জায়গায় যাতে পুনরায় অবৈধ স্থাপনা, দখল কিংবা মাদকের কোনো স্পট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হবে।
আরও পড়ুন:







