সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দাঙ্গাবাজ ও পলাতক আসামিসহ গ্রেপ্তার ১১

কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৯:১৩

শেয়ার

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দাঙ্গাবাজ ও পলাতক আসামিসহ গ্রেপ্তার ১১
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চুরি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩১ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মোঃ আল মামুন ওরফে কেচি মামুন (৩৭) রয়েছেন। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠনের অভিযোগসহ মোট ১০টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।এছাড়া রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪)-কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে দস্যুতা ও বিভিন্ন অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযানে মোঃ শামীম (২৭), শুক্কুর আলী (৩৮) ও মোঃ বাবু (৩০)-কে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বিশ্ব নার্থ রবি দাশ (৪০), মোঃ বাছেদ আলী (৪০), মোঃ জমির উদ্দিন (৩৮) ও মোঃ ইউসুফ (৩২)-কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ফরহাদ (৩৩) নামে আরও একজনকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে আল মামুন ও রমেশ ত্রিপুরার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: