সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

২০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ শিক্ষার্থীর, উৎকন্ঠায় পরিবার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৬:০৩

শেয়ার

২০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ শিক্ষার্থীর, উৎকন্ঠায় পরিবার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ দিন ধরে নিখোঁজ আছেন সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী। গত ১১ আগস্ট থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। এতে চরম আতঙ্ক আর উৎকন্ঠায় দিন কাটছে তাদের। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থীর মা।

নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পাশ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সহজ আর সরল ছিলো মেয়েটি। বাবা-মাকে না জানিয়ে কখনো কোথাও যাননি সে। হঠাৎ এ ভাবে মেয়েটি নিখোঁজ হওয়ায় তারা ভীষণ ভাবে চিন্তিত আছেন।

নিখোঁজ ছাত্রীর বাবা জানায়, 'বাড়িতে থাকি না আমি। ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চাকুরী করি। বড় ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে আমার পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পায়নি। আর এ কারণে মানষিক ভাবে দুশ্চিন্তা ও কষ্টে বিপর্যস্ত আমার পরিবার। তাদের শান্তনা দেয়ার কোনো ভাষাও পাচ্ছি না। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে পুলিশসহ সবার কাছে আকুতি মিনতি করছি।'

নিখোঁজ শিক্ষার্থীর মা জানান, 'ও আমার পরিবারের বড় মেয়ে। পরীক্ষা রেজাল্ট হয়েছে। সে এ গ্রেডে পাশ করেছে। এতে মেয়েসহ আমরা সবাই খুশি। মেয়ে তার খুশির সংবাদ প্রতিবেশীদের জানাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে আসেনি। পরে আত্মীয় স্বজন এবং ওর বন্ধু বান্ধবীদের সাথে কথা বলি। তারাও ওর বিষয়ে কোনো সন্ধান দিতে পারেনি। পরে নিরুপায় হয়ে থানায় জিডি করি। এখন পর্যন্ত তারাও কোন সন্ধান দিতে পারেননি। মেয়ে এখন আমার বেঁচে আছে নাকি নাই কিছুই তো বলতে পারছি না।'

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, 'বিষয়টি নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন পুলিশ। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পজিটিভ কিছু একটা হবে ইনশাআল্লাহ।'