সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

ত্রিশালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু

শফিক সরকার, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৩:৪৫

শেয়ার

ত্রিশালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ  দুইজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন বলে থানা সূত্রে জানা যায়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী অজ্ঞাতনামা এক পুরুষ ও এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন। তারা সকলেই অটোরিকশার যাত্রী ছিল। তাদেরকে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—ফয়জুল, রুবেল, হৃদয় ও নাবিল। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।