রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেট জব্দ

ইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৬:৪২

শেয়ার

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেট জব্দ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীতে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, পটুয়াখালী সদর থানাধীন সবুজবাগ সংলগ্ন এলাকায় শনিবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার সন্দেহজনক তিনটি গোডাউনে তল্লাশি চালানো হয়।

অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা মূল্যের ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য বাজারজাতকরণ রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আরও পড়ুন: