রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইসহাকের হত্যা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৬:০৯

শেয়ার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইসহাকের হত্যা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হত্যা মামলায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশও দেয়া হয়েছে।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

আজ শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশি পাহারায় তাঁকে আদালতের কাঠগড়ায় নেয়া হয়। তাঁর উপস্থিতিতে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া আসামি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৪ আগস্ট শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত তাঁর উপস্থিতিতে আবেদনের ওপর শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর বিভিন্ন থানায় করা একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।



আরও পড়ুন: