চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্ট দেখে কাভার্ডভ্যান রেখে দৌড়ে পালিয়েছে চালক। পরে ওই কাভার্ডভ্যানের চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মহাজান ঘাটায় সজল স্যানিটারী হোম সার্ভিসের সামনে চট্টগ্রাম-পেকুয়া বাঁশখালী আঞ্চলিক সড়কে বসানো পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চেকপোস্টে আসা ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২ নম্বরের কাভার্ডভ্যানটি থামিয়ে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, 'পুলিশের চেকপোস্ট দেখে চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:







