লক্ষ্মীপুরে সুপারি পাড়তে গাছে না ওঠায় রিশাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই এলাকার ফতু ব্যাপারী বাড়ির সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রুবেল মাদকাসক্ত এবং মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত। ঘটনার সময় রুবেল শিশু রিশাদকে সুপারি পাড়তে বলেন। রিশাদ সুপারি পাড়তে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে পেটে একাধিকবার আঘাত করেন।
এতে গুরুতর আহত হয় রিশাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের জন্য স্থানীয়রা খোঁজ করছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আফজাল বলেন, রিশাদ নামে এক শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারবেজ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন:







