ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৪৭ বোতল এসকুফ সিরাপ ও ৫০ প্যাকেট কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ৫৮ বিজিবি। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানানোর পাশাপাশি সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবাসীদের নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আয়োজিত সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি।
এ সময় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ২৫০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







