শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জ-মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২০:৫২

শেয়ার

আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জ-মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
ছবি সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ-নদীর পানি বেড়ে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী-সংলগ্ন কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থাগুলোর বরাতে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিন পানি স্থিতিশীল এবং তৃতীয় দিন কমতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল। আগামী একদিন তা স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বৃদ্ধি পেতে পারে।

আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে।

উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে।